কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
উপকূলীয় এলাকার মানুষের জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটুয়াখালীর মহিপুরে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প ও পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশের কলাপাড়া কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি) মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহিপুরে সংস্থাটির সিডিপি কার্যালয়ে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে স্থানীয় রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি সংস্থার ১০০টি উপকারভোগী পরিবারের মধ্যে বাজারমূল্যের তুলনায় ৩০ শতাংশ ছাড়ে পুষ্টিকর খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।
গুড নেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রোগ্রাম) মিজ ঝর্ণা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গুড নেইবার্স কলাপাড়া সিডিসির সভাপতি মো. ইব্রাহিম খান। বিশেষ অতিথি ছিলেন গুড নেইবার্স কলাপাড়া সিডিসির সহসভাপতি ও কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান রিপন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গুড নেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপির সিনিয়র হেলথ অফিসার পঙ্কজ বিশ্বাস, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট জেরি মিঠু ডি রোজারসহ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।
স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসা দেন ঢাকা পালস মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস চিকিৎসক ও চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. মো. আলিফ উদ্দিন এবং গুড নেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপির আবাসিক মেডিকেল অফিসার ডা. শান্তা ইসলাম (এমবিবিএস)।
ক্যাম্পে আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। বিশেষ করে চর্ম ও যৌনরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পান রোগীরা। উপকূলীয় এলাকার সাধারণ মানুষের জন্য তুলনামূলক কম খরচে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নিশ্চিত করাই ছিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
ক্যাম্পের সভাপতি ঝর্ণা খাতুন বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের কাছে উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকেই প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসা নিতে পারেন না। এ ধরনের উদ্যোগের মাধ্যমে তাদের জন্য চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ সহজ করার চেষ্টা করা হচ্ছে।
তিনি জানান, ক্যাম্পে মাত্র ১৫০ টাকা চিকিৎসা ফি নেওয়া হচ্ছে। পাশাপাশি সিডিপির স্বাস্থ্য কর্মসূচির আওতায় প্রয়োজনীয় ওষুধে ৪০ শতাংশ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। ফলে সাধারণ ও স্বল্প আয়ের মানুষ কম খরচে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সংগ্রহের সুযোগ পাচ্ছেন।
ঝর্ণা খাতুন আরও বলেন, মানুষের স্বাস্থ্যসুরক্ষা ও জীবনমান উন্নয়নে গুড নেইবার্স বাংলাদেশ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিডিপি কার্যালয়ে গুড নেইবার্স বাংলাদেশের আবাসিক মেডিকেল অফিসার নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে থাকেন।
এদিকে, নিউট্রিশন কর্মসূচির আওতায় ১০০টি উপকারভোগী পরিবারের মধ্যে বাজারমূল্যের তুলনায় ৩০ শতাংশ ছাড়ে পুষ্টিকর খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল ভোজ্যতেল, আটা, ডাল, চিনি, টুথপেস্ট, সাবান, হ্যান্ডওয়াশ ও ওয়াশিং পাউডারসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য। এসব সামগ্রী পরিবারের পুষ্টি, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসুরক্ষায় সহায়ক হবে বলে জানান সংশ্লিষ্টরা।
তারা আশা প্রকাশ করেন, স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, পুষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে গুড নেইবার্স বাংলাদেশ ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে।
আয়োজকদের মতে, এ স্বাস্থ্যসেবা ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির মাধ্যমে মহিপুরের উপকূলীয় মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি সাশ্রয়ী চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হবে।