রবিউল ইসলাম হৃদয়, ময়মনসিংহ
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ময়মনসিংহ নগরীর খাগডহর ও জিলা স্কুল রেলক্রসিং এলাকায় বিভিন্ন বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শানিরুল ইসলাম শাওনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং পণ্যে যথাযথ লেবেলিং না থাকায় খাগডহর বাজারের ঢাকা লিটন বেকারি ও আকুয়া মাদ্রাসা কোয়ার্টারের প্রিমিয়াম লাইভ বেকারির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় পৃথক দুটি মামলা করা হয়। পরে প্রতিষ্ঠান দুটিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত, পণ্যে যথাযথ লেবেলিং নিশ্চিত এবং প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে সংরক্ষণ ও হালনাগাদ রাখার নির্দেশনা দেওয়া হয়।
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।