আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাঁচগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে ডিবি পুলিশের একটি দল পাঁচগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাঁচগাঁও এলাকার মমতাজ আলীর ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা (২৮), দক্ষিণ রাণীগাঁও এলাকার আজিজুল হকের ছেলে মো. মুছা মিয়া (২৫), ডহরিয়াপাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে মো. কাউছার আলী (৩০) এবং একই এলাকার জুলহাস উদ্দিনের ছেলে মো. রিয়াদ হাসান (২০)।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার জহিরুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই মো. কামারুজ্জামানসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাঁচগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন চার ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে কাগজে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর তাদের ডিবি কার্যালয়ে নিয়ে পিসি/পিআর ও সিডিএমএস পর্যালোচনা করা হয়। এতে জুয়েল রানার বিরুদ্ধে মাদক চোরাচালান আইনে আটটি মামলা এবং কাউছার আলীর বিরুদ্ধে চার কেজি গাঁজাসংক্রান্ত একটি মামলা থাকার তথ্য পাওয়া যায়।
এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মাদক চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে ডিবি পুলিশ নিয়মিতভাবে মাঠে কাজ করছে।