Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিল্পখাতের সহযোগিতায় গুরুত্ব দিয়ে শেষ হলো IEEE COMPAS 2026

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ০৮:২৪ পিএম
গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিল্পখাতের সহযোগিতায় গুরুত্ব দিয়ে শেষ হলো IEEE COMPAS 2026

গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং শিল্পখাতের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে শেষ হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন IEEE 3rd International Conference on Computing, Applications and Systems (COMPAS 2026)।

শনিবার (১০ অক্টোবর) সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। IEEE Computer Society Bangladesh Chapter এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের যৌথ আয়োজনে গত ৯ অক্টোবর শুরু হওয়া এ সম্মেলনের কার্যক্রম অনুষ্ঠিত হয় বাংলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে।

সম্মেলনের দ্বিতীয় দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি) ও কম্পিউটার ভিশনসহ কম্পিউটিংয়ের বিভিন্ন উদীয়মান প্রযুক্তির গবেষণা ও বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা হয়। দিনব্যাপী ছিল মূল প্রবন্ধ উপস্থাপনা, কী-নোট সেশন ও প্রযুক্তিবিষয়ক আলোচনা।

বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয় ‘Beyond AI Adoption: Redefining Teaching, Assessment and Research in Higher Education’ শীর্ষক প্যানেল আলোচনা। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. হায়দার আলী, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের ড. এম জুলিয়াস হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম সোহেল রহমান, বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিত এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। আলোচনা সঞ্চালনা করেন সম্মেলনের অর্গানাইজিং চেয়ার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. মামুন-অর-রশীদ।

প্যানেল আলোচনায় উচ্চশিক্ষায় এআইয়ের ব্যবহার, শিক্ষার্থীদের শেখার পদ্ধতি, মূল্যায়ন ব্যবস্থার নির্ভরযোগ্যতা, গবেষণার সততা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি উন্নত কম্পিউটিং অবকাঠামো, গবেষণার সুযোগ বৃদ্ধি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, IEEE বাংলাদেশ কম্পিউটার সোসাইটির চেয়ার অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান ও সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাকসহ আয়োজক কমিটির সদস্য, শিক্ষক, গবেষক ও অংশগ্রহণকারীরা।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক কম্পিউটিং ও এআইভিত্তিক গবেষণাকে বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগাতে বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও নীতিনির্ধারকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি তরুণ গবেষকদের আন্তর্জাতিক গবেষণায় অংশগ্রহণ এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সম্মেলনে তিনটি গবেষণাপত্রকে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। প্রথম পুরস্কার অর্জন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে পরিচালিত গ্রাফ নিউরাল নেটওয়ার্কবিষয়ক গবেষণাপত্র। দ্বিতীয় পুরস্কার পায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষার প্রবাদ-প্রবচনবিষয়ক গবেষণাপত্র। তৃতীয় পুরস্কার অর্জন করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্বল্পব্যয়ী পানির নিচের প্রযুক্তিবিষয়ক গবেষণাপত্র।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে ৩৫ হাজার, ২৫ হাজার ও ২০ হাজার টাকা দেওয়া হয়। তিনটি পুরস্কারের মোট অর্থমূল্য ৮০ হাজার টাকা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে ৬১৬টি গবেষণাপত্র জমা পড়ে। এর মধ্যে ২১২টি গৃহীত হয়েছে, যা মোট জমা পড়া গবেষণাপত্রের প্রায় ৩৪ দশমিক ৪ শতাংশ। সম্মেলনে ইন্টেলিজেন্ট সিস্টেমস, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ভিজ্যুয়াল কম্পিউটিং, ডেটা অ্যানালাইসিস, সাইবার-ফিজিক্যাল ও এজ সিস্টেমস, ডিস্ট্রিবিউটেড সিস্টেমস, নেটওয়ার্ক ও নিরাপত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো ক্ষেত্রে গবেষণা উপস্থাপন করা হয়।

দুই দিনের এ আয়োজনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও প্রযুক্তি খাতের পেশাজীবীরা অংশ নেন। কী-নোট ও টেকনিক্যাল সেশন, ইন্ডাস্ট্রি টক এবং প্লেনারি আলোচনার মাধ্যমে গবেষণার নতুন ধারণা, প্রযুক্তিগত চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

২০২৪ ও ২০২৫ সালের আয়োজনের ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত COMPAS 2026 বাংলাদেশের কম্পিউটিং গবেষণাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং গবেষণার সঙ্গে বাস্তব প্রয়োগের সংযোগ জোরদারের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে ভূমিকা রেখেছে বলে মনে করছেন আয়োজকেরা। তাঁদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে গড়ে ওঠা গবেষণা সহযোগিতা ও জ্ঞান বিনিময় দেশের প্রযুক্তিগত উদ্ভাবন, উচ্চশিক্ষা এবং ডিজিটাল অগ্রযাত্রায় ইতিবাচক অবদান রাখবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)